নির্বাচন ঘোষণার আগেই পুলিশে বড় রদবদল, একযোগে ২৭টি থানার আইসি ও সিআই বদলি – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। রবিবার নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ জানানোর আগেই রাজ্যের বিভিন্ন জেলার ২৭টি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার ঠিক পূর্বমুহূর্তে জারি করা এই বিজ্ঞপ্তি প্রশাসনিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নবান্ন সূত্রে জারি করা তালিকায় বিধাননগর, ব্যারাকপুর এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের একাধিক থানার আইসি-দের বদলি করা হয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, রামপুরহাট এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার আইসি ও সিআই স্তরেও রদবদল ঘটেছে। এমনকি রাজ্য গোয়েন্দা দপ্তর, সিআইডি এবং আইবি-র ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারদেরও নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।
গত কয়েক দিনে দফায় দফায় উচ্চপদস্থ পুলিশ কর্তাদের বদলির পর এবার নিচুতলায় এই পরিবর্তন সম্পন্ন হলো। এর আগে এডিজি, আইজিপি এবং বিভিন্ন রেঞ্জের ডিআইজি পদেও বড়সড় রদবদল করা হয়েছিল। পুলিশ প্রশাসনের দাবি, নির্বাচন প্রক্রিয়ার আগে এটি একটি রুটিন বদলি হলেও, রাজনৈতিক মহলে এই পদক্ষেপ নিয়ে বিশেষ চর্চা শুরু হয়েছে।

