যুদ্ধের আশঙ্কায় জ্বালানি সংকট! আপনার সিলিন্ডারে কতটা গ্যাস বাকি আছে জানবেন কীভাবে? – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে রাজ্যে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। একদিকে বুকিংয়ের সময়সীমা বেড়ে ৪৫ দিন হয়েছে, অন্যদিকে অনলাইন বুকিংয়েও তৈরি হচ্ছে জটিলতা। ডিলারদের বিরুদ্ধে গ্যাস মজুত করার অভিযোগ ওঠায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। এই অবস্থায় হঠাৎ গ্যাস ফুরিয়ে যাওয়া এড়াতে সিলিন্ডারে মজুত গ্যাসের পরিমাণ জানা জরুরি হয়ে পড়েছে।
সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো জল ব্যবহার করা। সিলিন্ডারের গায়ে উপর থেকে নিচে জল ঢাললে যে অংশটি ঠান্ডা থাকবে, বুঝতে হবে ততটুকু গ্যাস অবশিষ্ট আছে। এছাড়া বাড়িতে ওজন মাপার যন্ত্র থাকলে মোট ওজন থেকে সিলিন্ডারের গায়ে লেখা খালি ওজন বিয়োগ করেও গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া সম্ভব।
প্রযুক্তিগত পদ্ধতি ছাড়াও আগুনের আঁচ দেখে গ্যাসের অবস্থা বোঝা যায়। যদি বার্নারের শিখা স্বাভাবিকের চেয়ে ফ্যাকাশে বা কমজোরি দেখায়, তবে বুঝে নিতে হবে গ্যাস দ্রুত ফুরিয়ে আসছে। বর্তমান অস্থির সময়ে রান্নার জ্বালানি নিয়ে বিপাকে পড়া এড়াতে গ্রাহকদের আগেভাগেই এই সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

