লেটেস্ট নিউজ

নির্বাচন ঘোষণার রাতেই উত্তপ্ত দিনহাটা, আক্রান্ত তৃণমূল যুবনেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। রবিবার রাতে ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার পথে সায়ন চক্রবর্তী নামে এক তৃণমূল যুবনেতাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই নেতা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্ত তৃণমূল নেতার দাবি, ভিলেজ-টু গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি হওয়ার কারণে তাকে পরিকল্পিতভাবে প্রাণনাশের চেষ্টা করেছে বিজেপি কর্মীরা। তবে এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গেরুয়া শিবির। দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় উত্তেজনা থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পরপরই এমন রক্তক্ষয়ী সংঘর্ষে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবার বাংলাকে হিংসামুক্ত ও রক্তপাতহীন ভোট উপহার দেওয়ার অঙ্গীকার করেছে। দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। তা সত্ত্বেও ভোটের নির্ঘণ্ট প্রকাশের রাতেই দিনহাটার এই ঘটনা কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে এই আক্রমণ নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *