লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্য সংকট: ইরানের চাপে ট্রাম্প, হরমুজ প্রণালি ইস্যুতে চিনের সাহায্যপ্রার্থী আমেরিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার জেরে চরম কূটনৈতিক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলেও তেহরান পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই। এই পরিস্থিতির জেরে ইজরায়েল ও আমেরিকার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান, যা ট্রাম্প প্রশাসনের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার চিনের শরণাপন্ন হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ‘ফিন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চলতি মাসের শেষে বেইজিংয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর একটি উচ্চপর্যায়ের বৈঠক নির্ধারিত রয়েছে। ট্রাম্পের আশা, সেই বৈঠকের আগেই চিন নিজের প্রভাব খাটিয়ে হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ইরানকে রাজি করাবে এবং এ বিষয়ে বেজিং ইতিবাচক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, চিন তাদের প্রয়োজনীয় তেলের প্রায় ৯০ শতাংশ এই প্রণালি দিয়েই সংগ্রহ করে থাকে। বর্তমানে চিনের জন্য এই জলপথ উন্মুক্ত থাকলেও আমেরিকার জন্য তা কঠোরভাবে নিষিদ্ধ করেছে ইরান। এই বাণিজ্যিক ও কৌশলগত অচলাবস্থা কাটাতেই ট্রাম্প এখন চিনের মধ্যস্থতা চাইছেন। মার্চের শেষে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ওই বৈঠকের দিকেই এখন তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *