কর্ণাটকে ১৬ চাকার ট্রাকের সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ, ৩ সাব-ইন্সপেক্টরের মর্মান্তিক মৃত্যু – এবেলা
এবেলা ডেস্কঃ
কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বেঙ্গালুরু-বল্লারি হাইওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নবনিযুক্ত ৩ পুলিশ সাব-ইন্সপেক্টর। রবিবার বল্লারিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাঁদের গাড়ির সঙ্গে একটি ১৬ চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, ঘাতক ট্রাকটি গাড়িটিকে প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন পুলিশ আধিকারিকের, যাঁদের মধ্যে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার এসকর্ট টিমের সদস্য ছিলেন।
নিহতরা হলেন মঞ্জুনাথ দারিমানি (৩২), অমরীশ (২৫) এবং শচীন (৩১)। এই ঘটনায় আরও দুই পুলিশ সাব-ইন্সপেক্টর ঈশ্বর এল এবং মহাদেশ্বর বোম্মান্নাবর গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গত বছরই প্রশিক্ষণ শেষ করে তাঁরা বাহিনীতে যোগ দিয়েছিলেন। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্য়ে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে এবং কার গাফিলতিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। অকালপ্রয়াত এই তরুণ পুলিশ আধিকারিকদের মৃত্যুতে বিভাগীয় স্তরে শোকের ছায়া নেমে এসেছে।

