অস্কারের মঞ্চে প্যালেস্টাইন মুক্তির দাবি জাভিয়ের বার্দেমের, পাশে দাঁড়িয়ে সায় প্রিয়াঙ্কার – এবেলা
এবেলা ডেস্কঃ
৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে যুদ্ধবিরোধী বার্তা দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন স্প্যানিশ অভিনেতা জাভিয়ের বার্দেম। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে আয়োজিত এই অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার প্রদান করতে এসে তিনি সরাসরি প্যালেস্টাইনকে মুক্ত করার আহ্বান জানান। অভিনেতার পোশাকে লাগানো ব্যাজে স্পষ্ট অক্ষরে খোদাই করা ছিল ‘নো আ লা গুয়েরা’ (আর যুদ্ধ নয়) এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান।
পুরস্কার ঘোষণার সময় বার্দেম যখন মঞ্চে দাঁড়িয়ে শান্তির সপক্ষে সোচ্চার হন, তখন তাঁর পাশেই ছিলেন বিশ্বখ্যাত ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বার্দেমের এই সাহসী অবস্থানকে প্রিয়াঙ্কা মৃদু হাসিমুখে মাথা নেড়ে সমর্থন জানান। সাদা অফশোল্ডার গাউন আর হিরের গয়নায় সজ্জিত প্রিয়াঙ্কার সেই সংহতি প্রকাশের মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মতো বিশ্বমঞ্চে মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে এমন জোরালো প্রতিবাদ এর আগে খুব কমই দেখা গেছে। সাধারণত অস্কারের অনুষ্ঠান বিতর্কমুক্ত রাখার চেষ্টা করা হলেও, বার্দেম ও প্রিয়াঙ্কার এই যৌথ পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক বার্তাটি বর্তমানে চলচ্চিত্র দুনিয়ার গণ্ডি পেরিয়ে রাজনৈতিক মহলেও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

