বরানগরে তৃণমূলের প্রার্থী জট, সায়ন্তিকা বনাম অঞ্জন পালের লড়াইয়ে সরগরম রাজনীতি – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই বরানগরের রাজনৈতিক সমীকরণ জটিল হয়ে উঠেছে। সোমবার এলাকার বিভিন্ন দেওয়ালে সাদা চুনকাম দেখা গেলেও সেখানে কার নাম লেখা হবে, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। মঙ্গলবার বা বুধবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে। উপ-নির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জয়ী হলেও, এবার তাঁকে নিয়ে স্থানীয় স্তরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
বরানগর পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সায়ন্তিকাকে পুনরায় প্রার্থী না করার অনুরোধ জানিয়েছেন। গত উপ-নির্বাচনে টিকিট না পেয়ে ক্ষুব্ধ হওয়া স্থানীয় নেতা অঞ্জন পাল ও তাঁর অনুগামীরা এবারও প্রবল প্রত্যাশী। দলের অন্দরের এই সংঘাত মেটাতে শীর্ষ নেতৃত্ব কী ভূমিকা নেয় এবং সায়ন্তিকাকে বাঁকুড়ায় সরিয়ে দেওয়া হয় কি না, সেটাই এখন দেখার।
এ প্রসঙ্গে বরানগর পুরসভার চেয়ারম্যান অঞ্জন পাল জানান, দল যাঁর নাম ঘোষণা করবে তাঁর হয়েই দেওয়াল লিখন শুরু হবে। তবে নিজের দাবির স্বপক্ষে তিনি স্পষ্ট করেছেন যে, তাঁকে প্রার্থী করা হলে এলাকার মানুষ সবথেকে বেশি খুশি হবে। এখন দেখার, তৃণমূল নেতৃত্ব স্থানীয় ভাবাবেগকে গুরুত্ব দেয় নাকি সায়ন্তিকার ওপরই পুনরায় ভরসা রাখে।

