লেটেস্ট নিউজ

পোলবায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন যাত্রী, গুরুতর আহত চালক – এবেলা

এবেলা ডেস্কঃ

চুঁচুড়া-তারকেশ্বর রোডের পোলবায় সোনাদার মাঠে রবিবার রাত সাড়ে তিনটে নাগাদ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দাদপুর থেকে চুঁচুড়া ফেরার পথে একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি কুকুরকে ধাক্কা মারে এবং পরে রাস্তার ধারের গাছে সপাটে ধাক্কা দিয়ে উল্টে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িটিতে চালকসহ মোট চারজন আরোহী ছিলেন।

মৃতদের মধ্যে রয়েছেন হরিয়ানার বাসিন্দা যোগিতা রানা (২১), রানাঘাটের জ্যোতি বিশ্বাস (২১) এবং দাদপুরের সেখ হাসিব আহমেদ (৩০)। পুলিশ জানায়, মৃত দুই তরুণী দাদপুরের একটি পানশালার কর্মী ছিলেন। রবিবার রাতে গুরাপের একটি ধাবায় খাওয়াদাওয়ার পর তাঁরা কর্মস্থলে ফিরছিলেন। পোলবার আলিনগর সংলগ্ন এলাকায় প্রচণ্ড গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে পোলবা থানার টহলদারি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। গাড়ির চালক সৈয়দ সাগির হোসেন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বকশি জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *