বীরভূমে খাদানে ধস: পাথর চাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যু, তুঙ্গে রাজনৈতিক তরজা – এবেলা
এবেলা ডেস্কঃ
বীরভূমের মুরারই থানার গোপালপুরে একটি পাথর খাদানে ভয়াবহ ধস নেমে প্রাণ হারালেন অন্তত তিন জন শ্রমিক। সোমবার কাজ চলাকালীন আচমকা এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, ধসের সময় খাদানের নিচে ১২ থেকে ১৪ জন শ্রমিক কর্মরত ছিলেন। পাথরের স্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা দ্রুত তৎপরতা শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত এই খাদানটির মালিক বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম বলে জানা গিয়েছে। ইতিপূর্বেও জেলার নলহাটি এলাকায় একই ধরনের দুর্ঘটনায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছিল। বারবার এমন ঘটনায় খনি এলাকায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির তদারকি করছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি নেতা ধ্রুব সাহার দাবি, ওই খাদানটি অবৈধ এবং অবিলম্বে মালিককে গ্রেপ্তার করতে হবে। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস জানিয়েছে, তারা গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে রাজনীতির চেয়ে হতাহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়টিকেই তারা বেশি অগ্রাধিকার দিচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

