লেটেস্ট নিউজ

হরমুজ প্রণালী সংকট: আমেরিকাকে সতর্ক করে সামরিক অভিযান বন্ধের আহ্বান চিনের – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে আমেরিকা ও তার সহযোগী রাষ্ট্রগুলোকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চিন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক জোট গঠনের আবেদন জানানোর পর বেইজিং এই প্রতিক্রিয়া দিল। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, এই অঞ্চলের অস্থিরতা বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলছে, যা কোনোভাবেই কাম্য নয়।

ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলার জেরে গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত রুদ্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, চিন যদি হরমুজ প্রণালী সচল রাখতে সক্রিয় ভূমিকা না নেয়, তবে তাঁর প্রস্তাবিত বেইজিং সফর পিছিয়ে যেতে পারে। তবে চিন পাল্টা যুক্তি দিয়ে জানিয়েছে যে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকেই সংযত হতে হবে এবং যুদ্ধের পথ পরিহার করতে হবে।

উল্লেখ্য, ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে চিন সেখান থেকে বিপুল পরিমাণ খনিজ তেল আমদানি করে। ডোনাল্ড ট্রাম্পের মতে, পশ্চিম এশিয়ার তেলের ওপর চিনের নির্ভরশীলতা থাকায় এই সংকট সমাধানে তাদেরই এগিয়ে আসা উচিত। বর্তমানে দুই দেশের মধ্যে ট্রাম্পের চিন সফর নিয়ে কূটনৈতিক স্তরে আলোচনা চললেও, হরমুজ প্রণালী ঘিরে ভূ-রাজনৈতিক সমীকরণ বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্কে নতুন করে স্নায়ুযুদ্ধ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *