ভোটে ভাগ্য ঝুলে ৫৪ হাজার ভোটারের, ব্যারাকপুরে তুঙ্গে নাম যাচাইয়ের তৎপরতা – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হলেও ব্যারাকপুর মহকুমার ১২টি বিধানসভা কেন্দ্রে এখনও ৫৪ হাজার ভোটারের ভাগ্য অনিশ্চিত রয়ে গিয়েছে। ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত এই ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। এর আগে প্রায় ৭০ হাজার ভোটারের তথ্য খতিয়ে দেখেছেন বিচারকরা। আগামী ২ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নিষ্পত্তি হবে বলে আশা করছে প্রশাসনিক মহল।
Supreme \titleonly কোর্টের নির্দেশে ব্যারাকপুর মহকুমার বরানগর থেকে বীজপুর পর্যন্ত বিস্তৃত এলাকাগুলোতে এই যাচাই পর্ব শুরু হয়। প্রাথমিকভাবে ১ লক্ষ ২৪ হাজার ভোটারকে ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছিল। বর্তমানে ব্যারাকপুর প্রশাসনিক ভবন এবং নির্বাচন কমিশনের চার্জ অফিসগুলোতে এই যাচাই প্রক্রিয়া চলছে। যেসব ভোটারের তথ্য বৈধ বলে প্রমাণিত হবে, তাঁদের নাম পরবর্তী ‘সাপ্লিমেন্টারি’ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই ব্যারাকপুর মহকুমায় নির্বাচনী প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। বেশ কিছু বিধানসভা কেন্দ্রে নির্বাচনী আধিকারিকদের রদবদল ঘটিয়ে নতুন অফিসার ও পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যে সমস্ত ভোটারের নাম আগে বাদ পড়েছিল, তাঁদের অনেকেই পুনরায় আবেদন জানিয়েছেন। নির্বাচন কমিশনের আধিকারিকরা সন্তুষ্ট হলে সেই নামগুলোও চূড়ান্ত তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ভোটগ্রহণের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

