লেটেস্ট নিউজ

নৈহাটিতে বঙ্কিমচন্দ্রের বংশধরকে প্রার্থী করল বিজেপি, ড্যামেজ কন্ট্রোলের কৌশল গেরুয়া শিবিরের – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে পুরনো সংগঠকদের ওপর ভরসা রাখলেও, নৈহাটি কেন্দ্রে চমক দিল বিজেপি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে নৈহাটিতে তাঁরই বংশধর সুমিত্র চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, স্থানীয় পরিচিতির চেয়ে প্রার্থীর ঐতিহাসিক বংশপরিচয়কেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের নেপথ্যে বড়সড় রাজনৈতিক কৌশল দেখছেন বিশ্লেষকরা। অতীতে সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ সম্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ‘বাঙালি বিরোধী’ বলে লাগাতার আক্রমণ চালিয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, সেই বিতর্কিত ভাবমূর্তি মুছতেই বঙ্কিম-বংশধরকে নির্বাচনী ময়দানে নামিয়ে মাস্টারস্ট্রোক দিতে চাইছে বিজেপি।

তবে বিজেপির এই প্রতীকী প্রার্থী চয়নকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল। তৃণমূলের দাবি, এহেন কৌশলে বাঙালির ভাবাবেগে লাগা আঘাত মেরামত করা সম্ভব নয়। অন্যদিকে, বারাসাত, ভাটপাড়া ও আমডাঙার মতো আসনগুলোতে পরিচিত মুখদেরই অগ্রাধিকার দিয়েছে বিজেপি। সব মিলিয়ে নৈহাটির এই লড়াই এখন বঙ্কিমচন্দ্রের উত্তরাধিকার বনাম রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *