লেটেস্ট নিউজ

মহেশতলায় তৃণমূলের বড় চমক? প্রার্থী হতে নারাজ প্রবীণ বিধায়ক দুলাল দাস – এবেলা

এবেলা ডেস্কঃ

মহেশতলা বিধানসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল বিধায়ক দুলালচন্দ্র দাস আসন্ন নির্বাচনে আর প্রার্থী হতে চাইছেন না। বয়সজনিত কারণ এবং শারীরিক অসুস্থতার জেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে মহেশতলা পুরসভার চেয়ারম্যান এবং বিধায়ক—এই জোড়া পদের দায়িত্ব সামলানো তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ছে বলে তিনি শীর্ষ নেতৃত্বকে আগেই জানিয়েছিলেন।

পুরসভার ৩৫টি ওয়ার্ডের প্রশাসনিক কাজ সামলাতেই তাঁর দিনের অধিকাংশ সময় ব্যয় হয়। ফলে বিধানসভা কেন্দ্রের বাড়তি চাপ নেওয়া তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, ২০১১ ও ২০১৬ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তাঁর স্ত্রী কস্তুরী দাস। ২০১৮ সালে তাঁর মৃত্যুর পর উপ-নির্বাচনে এবং পরবর্তীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দুলালবাবু বিপুল ভোটে জয়ী হন।

ব্যক্তিগত ইচ্ছার কথা জানিয়ে দুলালচন্দ্র দাস বলেন, “দল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, কিন্তু এখন আর এই ধকল সহ্য করা সম্ভব হচ্ছে না।” তিনি সরে দাঁড়ালে এই কেন্দ্রে ঘাসফুল শিবিরের নতুন মুখ কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। আপাতত দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *