লেটেস্ট নিউজ

নবান্নে নজিরবিহীন পদক্ষেপ: অবসরপ্রাপ্ত ও পুনর্নিযুক্ত আমলাদের তালিকা তলব করল নির্বাচন কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অবসরের পর পুনরায় নিযুক্ত হওয়া আধিকারিকদের বিস্তারিত তথ্য তলব করল জাতীয় নির্বাচন কমিশন। নবান্ন সূত্রে খবর, বর্তমানে কর্মরত প্রাক্তন আইএএস, আইপিএস সহ সকল ক্যাডারের আধিকারিকদের তালিকা দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিপূর্বে কোনো নির্বাচনের আগে কমিশন এমন পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

কমিশনের এই নির্দেশের পর কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর (PAR) প্রতিটি দপ্তর ও ডাইরেক্টরেটকে জরুরি ভিত্তিতে তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকরা বর্তমানে কোন পদে রয়েছেন, তাঁদের কাজের ধরন কী এবং কতদিন ধরে তাঁরা পুনর্নিযুক্ত রয়েছেন, সেই সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অর্থদপ্তরের মতো বড় বিভাগগুলোতে এই ধরনের শতাধিক আধিকারিক কর্মরত আছেন বলে জানা গেছে।

অভিজ্ঞ আমলাদের মতে, রাজ্য সরকার অভিজ্ঞতার নিরিখে অনেককেই উপদেষ্টা বা বিশেষ পদে পুনরায় নিয়োগ করে থাকে। তবে নির্বাচন কমিশন কেন এই তথ্য চাইল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এই আধিকারিকরা সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত কি না, তা খতিয়ে দেখতেই কমিশন এই নজিরবিহীন রিপোর্ট তলব করেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *