নিউটাউনের সেই চাঞ্চল্যকর যুবক খুনে পুলিশের জালে আরও এক পাণ্ডা, উত্তপ্ত বালিগড়ি – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউটাউনের বালিগড়ি এলাকায় কবিরুল লস্কর হত্যাকাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর পুলিশের টেকনোসিটি থানা। ধৃতের নাম সালাউদ্দিন লস্কর। শনিবার ভোরে ভাঙড়ের পোলেরহাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে তাকে হাতেনাতে পাকড়াও করেন তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই গত ৬ মার্চ কবিরুলের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল।
ঘটনার দিন দুপুরে ২৮ বছর বয়সী কবিরুলের বাড়িতে একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। সংজ্ঞাহীন অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর ৯ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই নৃশংস ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তরা এলাকা ছেড়ে গা-ঢাকা দেয়।
এই খুনের ঘটনায় পুলিশ এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। এর আগে আচিরুদ্দিন লস্কর এবং নূরজামান লস্করকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। ধৃত সালাউদ্দিনের নাম এফআইআরে সরাসরি অন্তর্ভুক্ত ছিল। মূল অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে টেকনোসিটি থানা। পুলিশ জানিয়েছে, বালিগড়ি খুনের ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না।

