লেটেস্ট নিউজ

মরশুমের প্রথম কালবৈশাখীতে লণ্ডভণ্ড কলকাতা ও জেলা, আহত ৩ – এবেলা

এবেলা ডেস্কঃ

মরশুমের প্রথম কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সোমবার সন্ধ্যায় কলকাতায় ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি চলে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি। এর জেরে শহরের বিভিন্ন প্রান্তে গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর।

ঝড়ের তাণ্ডবে কলকাতা ও সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বজবজ ট্রাঙ্ক রোডের জিনজিরা বাজারে বিশালাকার হোর্ডিং ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে চলন্ত বাইকের ওপর গাছ ভেঙে পড়ায় গুরুতর আহত হয়েছেন তিন আরোহী। ঘাটালের বিভিন্ন এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।

আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে আসা বজ্রগর্ভ মেঘের কারণেই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেবল দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ বিভিন্ন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *