আফগান ক্রিকেটাদের তোপ: ইজরায়েল ও পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই – এবেলা
এবেলা ডেস্কঃ
কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় ৪০০ জনের মৃত্যু এবং ২৫০ জন আহত হওয়ার ঘটনায় গর্জে উঠেছেন আফগান ক্রিকেটাররা। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ওপর এই প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়ে পেসার নবীন-উল-হক সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে ইজরায়েলের সঙ্গে তুলনা করেছেন। তিনি স্পষ্ট জানান, বর্তমান পরিস্থিতিতে ইজরায়েল এবং পাকিস্তানি শাসনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া কঠিন।
আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে জানান, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত জঘন্য এবং উদ্বেগজনক। এই নৃশংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করতে তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। রশিদ আরও বলেন, এই কঠিন সময়ে তিনি সবসময় আফগান জনগণের পাশে আছেন।
সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীও এই হামলায় শোকপ্রকাশ করে জানান, হাসপাতালের বাইরে মায়েদের আহাজারি এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর এটিই আফগানিস্তানের ইতিহাসে সবথেকে বড় এবং ভয়াবহ হামলা হিসেবে চিহ্নিত হচ্ছে। ক্রিকেটাররা একযোগে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বিশ্ব দরবারে অপরাধীদের জবাবদিহিতার দাবি তুলেছেন। তারা বিশ্বাস করেন, আফগান জাতি ঐক্যবদ্ধভাবে এই শোক কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াবে।

