লেটেস্ট নিউজ

ভবানীপুরে শুভেন্দু প্রার্থী হতেই ‘লোডশেডিং’ খোঁচা প্রতীক উরের – এবেলা

এবেলা ডেস্কঃ

নন্দীগ্রামের স্মৃতি উসকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হিসেবে পরিচিত এই আসনে শুভেন্দুর আগমনে সরব হয়েছে শাসক শিবির। এই আবহে বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ শানিয়েছেন বাম শিবির ছেড়ে সদ্য ঘাসফুল শিবিরে যোগ দেওয়া নেতা প্রতীক উর রহমান।

২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনের সেই বিতর্কিত মুহূর্তকে মনে করিয়ে দিয়ে প্রতীক উর সামাজিক মাধ্যমে লিখেছেন, “যতই করো সেটিং, হবে না লোডশেডিং।” মূলত নন্দীগ্রামের ভোট গণনার সময় বিদ্যুৎ বিভ্রাট এবং পরবর্তীতে শুভেন্দু অধিকারীর জয় নিয়ে যে কারচুপির অভিযোগ উঠেছিল, এই মন্তব্যের মাধ্যমে সেই স্মৃতিকেই পুনরায় জনসমক্ষে নিয়ে এসেছেন এই তরুণ নেতা। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ভবানীপুরে নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি ঘটা সম্ভব নয়।

যদিও তৃণমূল কংগ্রেস এখনও তাদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, তবে ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দুর লড়াই ঘিরে ইতিউতি চর্চা শুরু হয়েছে। নন্দীগ্রামের ফলাফল নিয়ে জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার ছাব্বিশের নির্বাচনে ‘দিদি’-র গড়ে পদ্ম শিবিরের এই বাজি এবং তার প্রেক্ষিতে তৃণমূলের এই ‘লোডশেডিং’ কটাক্ষ বঙ্গ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *