লেটেস্ট নিউজ

মিনাখাঁয় কোনো শাখা নেই, ধর্নামঞ্চের ‘সন্ন্যাসী’র দাবি ওড়াল রামকৃষ্ণ সারদা মিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

সম্প্রতি রাজনৈতিক দলের ধর্নামঞ্চে উপস্থিত হয়ে নিজেকে রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসী ও মিনাখাঁ শাখার সভাপতি হিসেবে দাবি করা এক ব্যক্তিকে নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তি মঞ্চ থেকে বর্তমান নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ার সমালোচনা এবং নিজের ভোটাধিকার হরণের অভিযোগ তোলেন। তবে রামকৃষ্ণ সারদা মিশন কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে যে, উক্ত ব্যক্তির সাথে তাঁদের সংগঠনের কোনো নূন্যতম সম্পর্ক নেই।

মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ অঞ্চলে তাঁদের কোনো শাখা নেই। এছাড়া শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন সম্পূর্ণভাবে সন্ন্যাসিনীদের দ্বারা পরিচালিত একটি রেজিস্টার্ড সংস্থা। ফলে কোনো পুরুষ সন্ন্যাসীর নিজেকে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে পরিচয় দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। অনুমতি ছাড়া সংগঠনের নাম বা লোগো ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কর্তৃপক্ষ।

ধর্নামঞ্চে ওই ব্যক্তির বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভ্রান্তি তৈরি হয়। মিশন কর্তৃপক্ষ তাঁদের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে যে, ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি নির্দিষ্ট নিয়মনীতি মেনে পরিচালিত হয়। ভিত্তিহীন দাবির মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টাকে তারা খণ্ডন করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *