লেটেস্ট নিউজ

ভোটার কমলেও উত্তর ২৪ পরগনায় বাড়ছে বুথ, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা জেলাশাসকের – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনায় বিগত বিধানসভা নির্বাচনের তুলনায় মোট ভোটারের সংখ্যা কমলেও আসন্ন ২০২৬ নির্বাচনে বুথের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী প্রতি ১২০০ ভোটার পিছু একটি করে বুথ নির্দিষ্ট করায় জেলায় এবার ১৯টি বুথ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৭০টি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক সিয়াদ এন জানান, বর্তমানে জেলায় মোট ভোটার সংখ্যা ৭৩ লক্ষ ৮৮ হাজার ৩৮ জন, যার মধ্যে ৩৭ লক্ষ ৫৩ হাজার ৩৯৩ জন পুরুষ এবং ৩৬ লক্ষ ৩৪ হাজার ৪৩৯ জন মহিলা ভোটার রয়েছেন।

নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দফার নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হবে ২ এপ্রিল এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল। ১৩ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করেছে। রাজনৈতিক দলগুলোর প্রচারের সুবিধার্থে ‘সুবিধা’ ও ‘সুগম’ নামক বিশেষ পোর্টাল চালু করা হয়েছে, যেখান থেকে জনসভা বা মিছিলের অনুমতি নেওয়া যাবে।

প্রযুক্তিগত উৎকর্ষ বজায় রাখতে এবার ভোটার স্লিপে কিউআর কোড যুক্ত করা হয়েছে, যা স্ক্যান করলেই ভোটাররা তাদের নির্দিষ্ট বুথ ও ভোটের তারিখ জানতে পারবেন। নির্বাচনের পাঁচ দিন আগেই এই স্লিপ বিলি করা হবে। জেলাশাসক আশ্বস্ত করেছেন যে, কমিশনের নির্দেশিকা মেনে জেলায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটদান নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। বর্তমানে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ায় জেলাজুড়ে কড়া নজরদারি শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী তালিকা ঘোষণার পরেই পুরোদমে প্রচার অভিযান শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *