আইপিএল ২০২৬: কেকেআর ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ানস শিবিরে রোহিতের জোরদার প্রস্তুতি – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে মুম্বই ইন্ডিয়ানস। গত কয়েক মরসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা। দলের অন্যতম সেরা তারকা রোহিত শর্মা ইতিমধ্যেই প্রস্তুতি শিবিরে যোগ দিয়ে নেটে ঘাম ঝরানো শুরু করেছেন।
অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়ার হাতে থাকলেও ব্যাটার হিসেবে নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর রোহিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে নেটে বেশ আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে। ম্যাচ সিমুলেশন অনুশীলনের সময় পুল শট খেলতে গিয়ে একবার আউট হলেও, শুরু থেকেই বড় রান করে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেওয়াই এখন তাঁর মূল লক্ষ্য।
সোমবার থেকে শুরু হওয়া এই শিবিরে প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে ও বোলিং কোচ লসিথ মালিঙ্গার তত্ত্বাবধানে ক্রিকেটাররা অনুশীলন করছেন। দীর্ঘ প্রতিযোগিতার কথা মাথায় রেখে ক্রিকেটারদের চোটমুক্ত রাখা ও ফিটনেসের ওপর বিশেষ জোর দিচ্ছে ম্যানেজমেন্ট। রোহিতও দলের বাকিদের সঙ্গে সমানতালে ফিল্ডিং ও কন্ডিশনিং সেশনে অংশ নিচ্ছেন।

