হরমুজ প্রণালিতে রণতরী মোতায়েন, ট্রাম্পের ডাকে ভারতের সতর্ক অবস্থান – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ভারতসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তবে এই আহ্বানে সাড়া দেওয়া নিয়ে ভারত বর্তমানে একটি সুচিন্তিত ও কূটনৈতিক দূরত্ব বজায় রাখছে। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে যে, এই স্পর্শকাতর বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির এখনও কোনো সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা বা চুক্তি হয়নি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক বৈঠকে জানান, হরমুজ প্রণালির পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত অভ্যন্তরীণভাবে বিষয়টি পর্যালোচনা করছে। ট্রাম্প তাঁর বার্তায় ইরানকে সামরিকভাবে দুর্বল করার দাবি করলেও, ড্রোন বা মাইন হামলার আশঙ্কা উড়িয়ে দেননি। এই পরিস্থিতিতে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে তিনি চিন, ফ্রান্স, ব্রিটেন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকেও এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক জলপথ হিসেবে হরমুজ প্রণালির গুরুত্ব অপরিসীম, যেখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল ও পণ্য পরিবাহিত হয়। এই জলপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ থাকলেও, ভারত কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। আপাতত কোনো জোটে সরাসরি অন্তর্ভুক্ত না হয়ে দিল্লি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণের ওপরই বিশেষ গুরুত্ব আরোপ করেছে।

