আবরার-কাণ্ডে সানরাইজার্স মালিকদের তোপ গাভাসকরের, ভুল সংশোধনের আহ্বান – এবেলা
এবেলা ডেস্কঃ
দ্য হান্ড্রেড টুর্নামেন্টে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ায় সানরাইজার্স লিডসের ভারতীয় মালিকপক্ষের তীব্র সমালোচনা করেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। একটি কলামে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, কোনো বিদেশি লিগের শিরোপা জয় কি ভারতীয় সেনাদের প্রাণের চেয়েও বেশি মূল্যবান? গাভাসকরের মতে, পাকিস্তানি খেলোয়াড়দের পারিশ্রমিকের কর পরোক্ষভাবে ভারতবিরোধী কার্যকলাপে ব্যবহৃত হয়, যা অত্যন্ত উদ্বেগজনক।
গাভাসকর স্পষ্ট জানিয়েছেন, মুম্বই হামলার পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ। তাই বিদেশের লিগে ভারতীয় মালিকানাধীন দলগুলো কেন একই নীতি অনুসরণ করছে না, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন। দলের কোচ ড্যানিয়েল ভেত্তোরি রাজনৈতিক বাস্তবতা না বুঝলেও, সান গ্রুপের মালকিন কাব্য মারানের উচিত ছিল এই স্পর্শকাতর বিষয়ে আরও সচেতন থাকা।
এই সিদ্ধান্তের ফলে মাঠ ও মাঠের বাইরে তীব্র প্রতিবাদের আশঙ্কা করছেন সানি। তিনি সতর্ক করেছেন যে, দেশের আবেগের কথা মাথায় রেখে দর্শকরা হয়তো এই দল থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডে আবরারকে কেনার এই সিদ্ধান্তকে স্রেফ ক্রিকেীয় কৌশল নয়, বরং নৈতিকতার প্রশ্ন হিসেবে দেখছেন তিনি। গাভাসকরের দাবি, ভুল এখনও শোধরানো সম্ভব এবং মালিকপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

