লেটেস্ট নিউজ

জ্বালানি সংকট মেটাতে মুন্দ্রা বন্দরে নোঙর করল এলপিজি ভর্তি ভারতীয় জাহাজ ‘শিবালিক’ – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের ক্রমবর্ধমান জ্বালানি গ্যাসের সংকট নিরসনে আশার আলো দেখা দিয়েছে। সোমবার ৪৬ হাজার মেট্রিক টন এলপিজি নিয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে নোঙর করেছে ভারতীয় ট্যাঙ্কার ‘শিবালিক’। পারস্য উপসাগরে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জটিলতা কাটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি ভারতে পৌঁছাল।

কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের স্পেশাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, মঙ্গলবার অপর একটি ট্যাঙ্কার ‘নন্দা দেবী’ গুজরাতের কান্দালা বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এই দুটি ভারতীয় জাহাজ সম্মিলিতভাবে মোট ৯২ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি দেশে নিয়ে আসছে। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে পারস্য উপসাগরে এখনও ২২টি তৈলবাহী জাহাজ আটকে রয়েছে বলে জানা গেছে।

পশ্চিম এশিয়া থেকে জ্বালানি আমদানির প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় দেশে এলপিজি সংকট প্রকট হয়ে ওঠে। এই অচলাবস্থা কাটাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে সামগ্রিক ছাড়পত্র না মিললেও আলোচনার মাধ্যমে প্রতিটি জাহাজের ক্ষেত্রে পৃথকভাবে ছাড় আদায়ের চেষ্টা করছে ভারত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *