নির্বাচনী চমক: নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রেই প্রার্থী শুভেন্দু, দলীয় সিদ্ধান্তে সিলমোহর দিলীপের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। ১৪৪টি আসনের এই তালিকায় সবচেয়ে বড় চমক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি একযোগে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে শুভেন্দুর লড়াইয়ের বিষয়টি এখন রাজ্য রাজনীতির মূল কেন্দ্রে। খড়গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী হওয়া বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ এই সিদ্ধান্তকে সম্পূর্ণ ‘দলীয় কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন।
শুভেন্দুর দুই কেন্দ্রে লড়াই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গে এমন ঘটনা বিরল হলেও জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধীর ক্ষেত্রে এমন নজির রয়েছে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। দলীয় সূত্রে খবর, ভবানীপুরে প্রার্থী হওয়ার বিষয়ে শুভেন্দু নিজেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জেপি নাড্ডার কাছে আগ্রহ প্রকাশ করেছিলেন। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব বোঝাতে এবং রাজনৈতিক বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
শুভেন্দুর এই দ্বৈত লড়াইকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলের একাংশের মতে, সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়ে শুভেন্দু নিজেকে লড়াইয়ের প্রধান মুখ হিসেবে তুলে ধরতে চেয়েছেন। অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এই তালিকা চূড়ান্ত হওয়ায় স্পষ্ট যে, বিজেপি এবার অত্যন্ত আক্রমণাত্মক কৌশলে এগোচ্ছে। ভবানীপুর ও নন্দীগ্রাম—এই দুই হেভিওয়েট কেন্দ্রকে ঘিরে রাজ্যের নির্বাচনী পারদ এখন তুঙ্গে।

