ট্রাম্পের ডাকেও সতর্ক দিল্লি! হরমুজ প্রণালিতে রণতরী পাঠানো নিয়ে আপাতত দূরত্ব বজায় রাখল ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বানে এখনই সাড়া দিচ্ছে না ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে আমেরিকার সঙ্গে ভারতের কোনো সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা হয়নি। পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় দিল্লি বর্তমানে অভ্যন্তরীণভাবে বিষয়টি পর্যালোচনা করছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।
সম্প্রতি ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরান নিয়ন্ত্রিত এই জলপথকে ‘নিরাপদ ও উন্মুক্ত’ রাখতে ভারত, চীন, ফ্রান্স ও ব্রিটেনসহ প্রভাবশালি দেশগুলোকে নৌবাহিনী পাঠানোর অনুরোধ জানান। তাঁর দাবি, ইরানি হুমকির কারণে এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাম্প আরও উল্লেখ করেন যে, মার্কিন বাহিনী ইরানের সামরিক শক্তিকে দুর্বল করলেও ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কা এখনো রয়ে গেছে।
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী পথ হিসেবে হরমুজ প্রণালির গুরুত্ব অপরিসীম। তবে ট্রাম্পের এই বার্তার পর ভারতসহ কোনো দেশই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিশ্রুতি দেয়নি। ওয়াশিংটনের প্রস্তাব সরাসরি নাকচ না করলেও, কৌশলগত অবস্থান বজায় রেখে ভারত সরকার আপাতত পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করার নীতি গ্রহণ করেছে। কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে কূটনৈতিক সতর্কতাই এখন দিল্লির প্রধান লক্ষ্য।

