লেটেস্ট নিউজ

দেশের সেবায় নিবেদিত প্রাণ: রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বেলদার বীর জওয়ানকে – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার হরিবাড় এলাকার বাসিন্দা তথা সেনা জওয়ান মিঠুন দাসের (৩৮) অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া মিঠুনবাবু বর্তমানে শিলিগুড়ির বিন্নাগুড়িতে ১৫ রাজপুত রেজিমেন্টে হাবিলদার পদে কর্মরত ছিলেন। হোলির পরের দিন হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শৌচাগারে পড়ে যান তিনি। এরপর কলকাতার কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়।

রবিবার জাতীয় পতাকায় মোড়া অবস্থায় বীর জওয়ানের নিথর দেহ গ্রামে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঘরের ছেলেকে শেষবার শ্রদ্ধা জানাতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও গুণমুগ্ধরা। তাঁর সহকর্মী সুবেদার পূর্ণ চন্দ্র দাস জানান, জম্মু-কাশ্মীর সহ বিভিন্ন সীমান্ত এলাকায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন মিঠুনবাবু। কর্তব্যপরায়ণ সৈনিকের পাশাপাশি একজন তুখোড় ক্রীড়াবিদ হিসেবেও তাঁর যথেষ্ট পরিচিতি ছিল।

এদিন সেনাবাহিনীর বিশেষ দল ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই সেনাকর্মীর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১১ বছরের এক পুত্র সন্তানকে রেখে গিয়েছেন। দেশের জন্য তাঁর দীর্ঘ দুই দশকের আত্মত্যাগ ও কর্মনিষ্ঠার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন পরিবার ও পরিজনরা। তাঁর এই আকস্মিক মৃত্যুতে হরিবাড় গ্রাম তথা সমগ্র বেলদা অঞ্চলে শোকের স্তব্ধতা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *