লেটেস্ট নিউজ

রেল যাত্রীদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে রাজনৈতিক কর্মসূচিতে বিশেষ ট্রেন, তুঙ্গে বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুর ও চিত্তরঞ্জন থেকে হাওড়া পর্যন্ত সরাসরি স্থায়ী ট্রেনের দীর্ঘদিনের দাবি রেল কর্তৃপক্ষ পূরণ না করলেও, ব্রিগেডের রাজনৈতিক সমাবেশের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, অফিস টাইমে লাইনের ব্যস্ততার অজুহাতে তাঁদের দাবি বারবার খারিজ করা হলেও, রাজনৈতিক স্বার্থে সেই একই সময়ে বিশেষ ট্রেন চালানো হয়েছে।

শনিবার সকালে দুর্গাপুর থেকে হাওড়াগামী বিশেষ ট্রেনটি বিজেপি কর্মীদের নিয়ে রওনা দিলে স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুর্গাপুর ও পার্শ্ববর্তী বাঁকুড়া জেলার হাজার হাজার যাত্রী প্রতিদিন যাতায়াতের সমস্যার সম্মুখীন হন, কিন্তু রেল মন্ত্রক তাঁদের আবেদনে কর্ণপাত করেনি। চিত্তরঞ্জন থেকেও সরাসরি ট্রেনের দাবিটি একইভাবে ঝুলে রয়েছে বলে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব একে ট্রেনের ‘ট্রায়াল রান’ হিসেবে দাবি করলেও, তৃণমূল কংগ্রেস একে সাধারণ মানুষের বঞ্চনা হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে, রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, লাইনের ব্যস্ততার কারণে সব সময় চাহিদা মেটানো সম্ভব হয় না, তবে যাত্রীদের দাবিগুলো খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *