পুরুলিয়ায় ভোটের ম্যাসকট ‘পলাশ-শিমুল’, নির্ভয়ে ভোটদানের আহ্বান জেলা প্রশাসনের – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উৎসাহিত করতে ‘পলাশ-শিমুল’ নামক যমজ ভাইয়ের ম্যাসকট উন্মোচন করল পুরুলিয়া জেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক সুধীর কোন্থম এই ম্যাসকটের আনুষ্ঠানিক প্রকাশ করেন। জঙ্গলমহলের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পলাশ ও শিমুলের হাতে তুলে দেওয়া হয়েছে ধামসা ও মাদল।
জেলাশাসক জানান, পুরুলিয়ার কৃষ্টি ও জনজাতি সম্প্রদায়ের পোশাকের আদলে তৈরি এই ম্যাসকট দুটি জেলার প্রতিটি প্রান্তে প্রচার চালাবে। ‘ধামসা মাদলের ছন্দে, ভোট দিন আনন্দে’—এই স্লোগানকে সামনে রেখে ভোটারদের নির্ভয়ে বুথমুখী করাই প্রশাসনের মূল লক্ষ্য। ট্যাবলো, টোটো এবং কাটআউটের মাধ্যমে এই দুই যমজ ভাই জেলাজুড়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের বার্তা পৌঁছে দেবে।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, এবারের ভোটে ইভিএম মেশিনে প্রার্থীদের সাদা-কালো ছবির পরিবর্তে রঙিন ছবি ব্যবহার করা হবে। এর ফলে ভোটাররা সহজেই পছন্দের প্রার্থীদের শনাক্ত করতে পারবেন। ইতিপূর্বে পুরুলিয়ার ‘পলাশমণি’ ও ‘ভোটেশ্বর’ ম্যাসকটগুলো জনপ্রিয়তা পেলেও, এবার পলাশ-শিমুলের জোড়ি ভোটারদের মনে আলাদা জায়গা করে নেবে বলে আশাবাদী প্রশাসন।

