আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীর নাম ঘোষণায় তুঙ্গে কোন্দল, জেলা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই আলিপুরদুয়ার জেলা বিজেপিতে তীব্র অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে। সোমবার আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে পরিতোষ দাসের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই বিক্ষুব্ধ কর্মীরা জেলা কার্যালয়ে চড়াও হন। তারা কার্যালয়ের আসবাবপত্র ও চেয়ার-টেবিল ভাঙচুর করার পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, মনোনীত প্রার্থী পরিতোষ দাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের গোপন আঁতাত রয়েছে। তাকে ‘সেটিং প্রার্থী’ আখ্যা দিয়ে তারা দাবি করেছেন, জয়ী হওয়ার পর তিনি দলবদল করতে পারেন। এই উত্তপ্ত পরিস্থিতিতে জেলা বিজেপি সভাপতি মিঠু দাসকে গতকাল গভীর রাত পর্যন্ত দলীয় কার্যালয়ে আটকে রাখেন কর্মীরা। প্রার্থী বদল না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিজেপি জেলা নেতৃত্ব এই ঘটনাকে ‘অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি’ বলে দাবি করলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে গেরুয়া শিবির। দলের রাজ্য সম্পাদক দীপক বর্মন জানিয়েছেন, বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। অন্যদিকে, এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের এই নজিরবিহীন বিশৃঙ্খলা বিধানসভা ভোটের আগে বিজেপিকে রীতিমতো অস্বস্তিতে ফেলেছে।

