লেটেস্ট নিউজ

কেকেআরের নেতৃত্বে অভিজ্ঞ অজিঙ্ক রাহানেই, জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা কর্তৃপক্ষের – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন আইপিএলের জন্য অধিনায়কের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। সব জল্পনার অবসান ঘটিয়ে অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানের ওপরই পুনরায় আস্থা রাখল ফ্র্যাঞ্চাইজিটি। মঙ্গলবার সমাজমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। গত মৌসুমে প্রত্যাশিত ফলাফল না মিললেও, দলের স্থিতিশীলতা বজায় রাখতে রাহানের অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ।

গতবারের ব্যর্থতার পর নাইট শিবিরে একাধিক বড় পরিবর্তন আনা হয়েছে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি এবং সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ারকেও দল থেকে রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে কলকাতা। এই পরিস্থিতিতে নেতৃত্বের পরিবর্তনের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত পুরনো সেনাপতির হাতেই ব্যাটন তুলে দেওয়া হলো।

রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী বা সুনীল নারাইনের মতো তারকা ক্রিকেটাররা দলে থাকলেও পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি ম্যানেজমেন্ট। কোচ অভিষেক নায়ারের পরামর্শেই রাহানেকে অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে নিয়মিত খেলা রাহানে গত আইপিএলে ব্যাট হাতেও সফল ছিলেন। নেতৃত্বের এই ধারাবাহিকতা নাইটদের আগামী আসরে কতটা সাফল্য এনে দেয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *