লেটেস্ট নিউজ

মস্কোয় মোজতবা খামেনেইর চিকিৎসা? জল্পনা উড়িয়ে কড়া হুঁশিয়ারি ইরানের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই রাশিয়ায় চিকিৎসাধীন বলে ছড়িয়ে পড়া খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। সম্প্রতি ইসরায়েলি হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তাকে মস্কোয় নিয়ে যাওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়। তবে রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি এই দাবি নসাৎ করে একে আমেরিকা ও ইসরায়েলের ‘মানসিক যুদ্ধ’ বলে অভিহিত করেছেন।

মস্কো এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও ইরান স্পষ্ট জানিয়েছে যে তাদের নেতারা জনবিচ্ছিন্ন নন। দেশটির বিদেশ মন্ত্রকের দাবি, মোজতবা বর্তমানে সুস্থ রয়েছেন। এদিকে, চিকিৎসার জল্পনার মাঝেই আমেরিকার প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন মোজতবা খামেনেই। তিনি সাফ জানিয়েছেন, ওয়াশিংটনের কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরান সাড়া দেবে না এবং শত্রু পক্ষকে পরাজিত না করা পর্যন্ত এই সংঘাত থামবে না।

মধ্যপ্রাচ্যে রাশিয়ার অন্যতম মিত্র ইরানকে মস্কো দীর্ঘকাল ধরেই সামরিক ও কৌশলগত সহযোগিতা দিয়ে আসছে। আয়াতোল্লা খামেনেইর মৃত্যুকে ‘নৃশংস হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে মস্কো ইরানের পাশে দাঁড়ালেও মোজতবার উপস্থিতি নিয়ে নীরবতা বজায় রেখেছে। অন্যদিকে, দুই মধ্যস্থতাকারী দেশের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান তাদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। বর্তমানে পশ্চিম এশিয়ায় এই ভূ-রাজনৈতিক উত্তেজনা এক নতুন মাত্রা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *