লেটেস্ট নিউজ

তালিকায় সিলমোহর পড়তেই কান্দিতে দেওয়াল লিখন ও জোরদার প্রচারে তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই মুর্শিদাবাদের কান্দিতে কোমর বেঁধে ময়দানে নামলেন শাসকদলের কর্মীরা। মঙ্গলবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থীদের নাম ঘোষণা করছিলেন, তখনই কান্দি বিধানসভার বিভিন্ন এলাকায় অপূর্ব সরকারের সমর্থনে দেওয়াল লিখন ও প্রচার শুরু হয়ে যায়। গোকর্ণসহ বিভিন্ন গ্রামে আগে থেকেই তৈরি রাখা প্রতীকের পাশে প্রার্থীর নাম লিখে উল্লাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

কান্দি মহকুমার খড়গ্রাম, বড়ঞা ও ভরতপুর কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। খড়গ্রামের প্রার্থী আশিস মার্জিতকে মালা পরিয়ে এবং ভরতপুরে মুস্তাফিজুর রহমানের সমর্থনে সবুজ আবির উড়িয়ে জনসংযোগ শুরু করেন দলীয় কর্মীরা। কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানান, নাম ঘোষণার দুই ঘণ্টার মধ্যেই অধিকাংশ দেওয়াল লিখন সম্পন্ন হয়েছে। উন্নয়নের বার্তা এবং এসআইআর সংক্রান্ত জনরোষকে হাতিয়ার করেই প্রচারে জোর দিচ্ছে ঘাসফুল শিবির।

পাল্টা সুর চড়িয়েছে বিরোধী শিবিরও। বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি সুখেন বাগদি এই প্রচারকে কটাক্ষ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। অন্যদিকে, খড়গ্রামের সিপিএম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা কর্মসংস্থানের দাবিতেই মানুষ ভোট দেবেন বলে দাবি করেছেন। সব মিলিয়ে প্রার্থীতালিকা ঘোষণার প্রথম দিনেই কান্দির রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *