লেটেস্ট নিউজ

তৃণমূলের প্রার্থী তালিকায় বড় রদবদল, বাদ পড়লেন ৭৪ বিধায়ক, টিকিট পেলেন না দুই মন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, এবারের নির্বাচনে শুধুমাত্র ব্যক্তিগত ইমেজের বদলে ‘পারফরম্যান্স’-কেই প্রধান মাপকাঠি হিসেবে ধরা হয়েছে। এই নীতির ফলেই বর্তমান বিধানসভার অন্তত ৭৪ জন বিধায়ক এবার ভোটের টিকিট পাননি। জনসেবায় গাফিলতি এবং বিভিন্ন বিতর্কের কারণে অনেক পরিচিত মুখকেও নির্বাচনী লড়াই থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বাদ পড়াদের তালিকায় রয়েছেন দুই বিদায়ী মন্ত্রী—মনোজ তিওয়ারি ও জ্যোৎস্না মান্ডি। এছাড়া জেলবন্দি ও বিতর্কিত বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং কাঞ্চন মল্লিকের নামও তালিকায় নেই। তবে শারীরিক অসুস্থতার কারণে অব্যাহতি চেয়েছেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবং দীর্ঘদিনের বিধায়ক পরেশ পাল। অন্যদিকে, দুর্নীতির অভিযোগে কারাবাস করলেও অভিজ্ঞতার নিরিখে জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর পুনরায় আস্থা রেখেছে ঘাসফুল শিবির।

প্রার্থী তালিকায় রদবদলের পাশাপাশি ১৫ জন বিধায়কের আসন পরিবর্তন করে তাঁদের নতুন পরীক্ষার মুখে ফেলা হয়েছে। বীরবাহা হাঁসদা, সোহম চক্রবর্তী এবং নির্মল মাজির মতো হেভিওয়েট প্রার্থীদের কেন্দ্র বদলে দেওয়া হয়েছে। দলের ২৯১ জন প্রার্থীর মধ্যে ১৩৫ জন পুরনো বিধায়ককে পুনরায় সুযোগ দিলেও, স্বচ্ছ ভাবমূর্তি ও দক্ষ সংগঠকদের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থী হতে না পারাদের উদ্দেশ্যে নেত্রী জানিয়েছেন, তাঁদের পরবর্তীতে দলের অন্য সাংগঠনিক কাজে লাগানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *