লেটেস্ট নিউজ

ইসলামপুরে করিম চৌধুরীকে বাদ দিয়ে কানাইয়ালালের ওপরই ভরসা রাখল তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর দিনাজপুরের ইসলামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা হতেই নাটকীয় মোড় নিল রাজনৈতিক সমীকরণ। দীর্ঘদিনের প্রবীণ নেতা আব্দুল করিম চৌধুরীকে সরিয়ে এবার জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের ওপর আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে করিম চৌধুরীর বাসভবনে উৎসবের প্রস্তুতি থাকলেও, নাম ঘোষণার পর সেখানে নিস্তব্ধতা নেমে আসে। অন্যদিকে, প্রার্থী হিসেবে সবুজ সংকেত পেতেই কানাইয়ালালের অনুগামীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

রাজনৈতিক মহলে কানাইয়ালাল আগরওয়ালের গুরুত্ব অপরিসীম। অতীতে কংগ্রেসের হয়ে জয়ী হওয়া এই নেতা তৃণমূলে যোগ দেওয়ার পর লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বর্তমানে জেলা সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতেও তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন। প্রার্থী হিসেবে নাম আসায় তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। তবে করিম চৌধুরীর টিকিট না পাওয়া নিয়ে জেলা রাজনীতিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

টিকিট না পাওয়ায় করিম চৌধুরীর অনুগামীদের মধ্যে চরম অসন্তোষ দানা বেঁধেছে। প্রবীণ এই নেতাকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তাঁর ঘনিষ্ঠরা। এই পরিস্থিতিতে করিম চৌধুরী ভবিষ্যতে কী পদক্ষেপ নেবেন, তা নিয়ে চলছে জোর চর্চা। রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে, তিনি হাত গুটিয়ে বসে থাকবেন না। এমনকি তৃণমূলত্যাগী হুমায়ুন কবীরের সঙ্গে তাঁর নতুন কোনো রাজনৈতিক সমীকরণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *