হকি বিশ্বকাপে ফের ভারত-পাকিস্তান মহারণ একই গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের অগস্টে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষ হকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র চূড়ান্ত হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপ অর্থাৎ ‘পুল ডি’-তে স্থান পেয়েছে। এই গ্রুপে তাদের সঙ্গী হয়েছে শক্তিশালী ইংল্যান্ড ও ওয়েলস। দশ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠে নামবে ভারত। অন্যদিকে, দীর্ঘ আট বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন করছে পাকিস্তান, যা এই লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছে।
আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) শীঘ্রই পূর্ণাঙ্গ সূচি ও ভারত-পাকিস্তান ম্যাচের নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। পরিসংংখ্যান অনুযায়ী, ২০১৩ সাল থেকে দুই দলের ২৬টি লড়াইয়ের মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে ভারত। উল্লেখ্য, ২০২৪ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে শেষবার মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। ভারত এশিয়া কাপ জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেও পাকিস্তান মিশরে অনুষ্ঠিত কোয়ালিফায়ারে ভালো ফল করে মূল পর্বে জায়গা করে নিয়েছে।
একইসাথে ভারতের মহিলা হকি দলও বিশ্বকাপের জন্য কঠিন গ্রুপে পড়েছে। ‘পুল ডি’-তে তাদের লড়তে হবে চিন, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কোচ স্যার্ড মারিনের অধীনে কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরম্যান্স করে যোগ্যতা অর্জন করেছে মহিলা বাহিনী। পুরুষ ও মহিলা উভয় দলের ম্যাচগুলোই নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিরতির পর বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ লড়াই দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছেন ক্রীড়াপ্রেমীরা।

