এক্সটেনশনে থাকা সরকারি আধিকারিকদের তথ্য তলব করল নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে কর্মরত অবসরপ্রাপ্ত অথচ পুনর্নিযুক্ত (এক্সটেনশন) আধিকারিকদের বিস্তারিত তালিকা চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। নবান্ন সূত্রে খবর, প্রাক্তন আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারসহ বিভিন্ন দফতরে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মীদের তথ্য দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে প্রশাসনিক মহলে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।
কমিশনের এই নির্দেশের পর নবান্নের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তৎপরতা শুরু করেছে। প্রতিটি দফতর ও ডাইরেক্টরেটকে তাদের অধীনে থাকা এমন আধিকারিকদের নামের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পুনর্নিযুক্ত অফিসাররা বর্তমানে কোন পদে আছেন এবং কতদিন ধরে কাজ করছেন, সেই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
মূলত নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এক্সটেনশনে থাকা কোনও আধিকারিক সরাসরি নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ায় যুক্ত আছেন কি না, তা খতিয়ে দেখাই এর প্রধান উদ্দেশ্য। এই তালিকা পর্যালোচনার পর কমিশন সংশ্লিষ্ট আধিকারিকদের নির্বাচনী কাজ থেকে সরিয়ে রাখার বিষয়ে নতুন কোনও নির্দেশিকা জারি করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

