জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তৎপর কেন্দ্র, এলপিজি-র বদলে পিএনজি প্রসারে বিশেষ জোর – এবেলা
এবেলা ডেস্কঃ
আরব দুনিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা ও হরমুজ প্রণালীতে অস্থিরতার জেরে ভারতে এলপিজি আমদানিতে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৬২ শতাংশ আমদানিনির্ভর হওয়ায় বিকল্প হিসেবে অভ্যন্তরীণ উৎপাদন ও পিএনজি-র ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রকল্পের গতি বাড়াতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD) পাইপলাইন বসানোর অনুমোদন দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাইপলাইন স্থাপনের ক্ষেত্রে রাস্তা কাটার খরচ মকুব এবং নোডাল অফিসার নিয়োগের ওপর জোর দিয়েছে কেন্দ্র। গৃহস্থালির পাশাপাশি হোটেল, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকেও এলপিজি ছেড়ে পিএনজি সংযোগ নিতে উৎসাহিত করা হচ্ছে।
বর্তমানে ভারতে প্রায় ১.৫৯ কোটি পরিবার পিএনজি ব্যবহার করছে। অভ্যন্তরীণ উৎপাদন থেকে মোট চাহিদার প্রায় ৫০ শতাংশ গ্যাস মেটানো সম্ভব হওয়ায় এটি এলপিজি-র তুলনায় অনেক বেশি স্থিতিশীল ও নিরাপদ। আইজিএল ও গেইল-এর মতো সংস্থাগুলি গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে। আন্তর্জাতিক সংকটের মোকাবিলায় রান্নার জ্বালানি হিসেবে পাইপলাইন গ্যাসের ওপর নির্ভরতা বাড়ানোই এখন সরকারের মূল লক্ষ্য।

