২৫ কোটি টাকার গ্রিনকে নিয়ে অস্বস্তি কেকেআর শিবিরে, ফর্মের প্রশ্নে মাঝপথে থামালেন সাক্ষাৎকার – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল শুরু হতে মাত্র দুই সপ্তাহ বাকি, আর তার আগেই মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড ২৫.২ কোটি টাকার তারকা ক্যামেরন গ্রিন। সিডনিতে শেফিল্ড শিল্ডের ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের অফ-ফর্ম নিয়ে প্রশ্নের সম্মুখীন হন এই অস্ট্রেলীয় অলরাউন্ডার। সাংবাদিকের করা ‘গুগলি’ সামলাতে না পেরে ক্ষুব্ধ গ্রিন মাঝপথেই সাক্ষাৎকার বন্ধ করে উঠে যান এবং বিরক্তি প্রকাশ করেন।
এই অনভিপ্রেত ঘটনায় ক্রিকেট মহলে শোরগোল পড়ে গিয়েছে। ফর্ম নিয়ে চাপে থাকা গ্রিনের এমন আচরণে কেকেআর সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও সেঞ্চুরি করে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, কিন্তু মাঠের বাইরের মানসিক চাপ মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে পরবর্তীকালে দলের সহকারী কোচ সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছেন।
আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করছে কেকেআর। আন্দ্রে রাসেলের উত্তরসূরি হিসেবে গ্রিনকে বড় বাজি ধরলেও দলের পেস বিভাগ নিয়ে আগে থেকেই কিছুটা চাপে রয়েছে নাইটরা। হার্ষিত রানা ও মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে গ্রিনের অলরাউন্ড নৈপুণ্য দলের জন্য অত্যন্ত জরুরি। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে এই অজি তারকা প্রত্যাশার চাপ কতটা সামলাতে পারেন।

