তেহরানে ইজরায়েলের বিধ্বংসী বিমান হামলা এবং ইরানের পাল্টা হুঙ্কারে রণক্ষেত্র মধ্যপ্রাচ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ইজরায়েলি বিমান বাহিনী তেহরানে ইরানের কমান্ড সেন্টার এবং ব্যালিস্টিক মিসাইল ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে। সামরিক গোয়েন্দা বিভাগের নজরদারিতে চালানো এই অভিযানে রেভোলিউশনারি গার্ডের সদর দফতরসহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংসের দাবি করেছে তেল আবিব। ইজরায়েলি বাহিনীর মতে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে সামরিক আধিপত্য বিস্তারই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।
পাল্টা জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ শুরু করে তেল আবিবের ১০০টিরও বেশি সামরিক ঘাঁটিতে মিসাইল বর্ষণ করেছে। তেহরানের দাবি, তাদের খোরামশাহর-৪ ও কদর মিসাইলের আঘাতে ইজরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়েছে এবং ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।

