ভাতারে বিতর্ক: প্রয়াত কংগ্রেস নেতার ছবি দিয়ে বিজেপি প্রার্থীর প্রচার, ক্ষুব্ধ আদি কর্মীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন কার্ফার নির্বাচনী প্রচার ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রয়াত প্রাক্তন কংগ্রেস মন্ত্রী ভোলানাথ সেনের ছবি ও নাম ব্যবহার করে ভোট চাওয়ায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। জেলা কংগ্রেস নেতৃত্ব একে বিজেপির ‘দেউলিয়া’ মানসিকতা বলে কটাক্ষ করেছেন। তৃণমূলের দাবি, নিজের দলের আদর্শে ভরসা না পেয়েই বিজেপি প্রার্থী ধর্মনিরপেক্ষ কংগ্রেস নেতার শরণাপন্ন হয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরে আদি ও নব্য শিবিরের সংঘাত প্রকাশ্যে এসেছে। দলের একাংশ সৌমেন কার্ফাকে ‘বহিরাগত’ এবং প্রাক্তন সিপিএম ঘনিষ্ঠ বলে দেগে দিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন। যুব মোর্চার প্রাক্তন নেতারা সরব হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিক্ষুব্ধ কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, অবিলম্বে প্রার্থী বদল না করা হলে তারা পৃথক মঞ্চ গড়ে লড়াইয়ে নামবেন।
বিজেপি জেলা নেতৃত্ব এই প্রচারকে প্রার্থীর ব্যক্তিগত মতামত বলে দায় এড়ানোর চেষ্টা করলেও দলের কোন্দল থামেনি। আদি বিজেপি কর্মীদের অভিযোগ, বর্তমান জেলা নেতৃত্ব তৃণমূলের সাথে আঁতাত করে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। বুধবার এই বিষয়ে রাজ্য নেতৃত্বের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে, নির্বাচনের আগেই প্রার্থী বিতর্ক ও গোষ্ঠীদ্বন্দ্বে ভাতারে কোণঠাসা পদ্ম শিবির।

