ইজরায়েলের হামলায় নিহত ইরানের গুপ্তচরমন্ত্রী ইসমাইল খাতিব – এবেলা
এবেলা ডেস্কঃ
মঙ্গলবার রাতভর অভিযানে ইরানের গুপ্তচরমন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ। এই অভিযানে খাতিবের পাশাপাশি ইরানের নিরাপত্তা প্রধান আলি লারজানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানিও প্রাণ হারিয়েছেন। তবে এই বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
ইজরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী বর্তমানে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে। সমর বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে দেখা দেওয়া জ্বালানি সংকট কাটাতে এবং দ্রুত যুদ্ধ সমাপ্ত করতেই এই কৌশল নেওয়া হয়েছে। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আগামী ২৪ ঘণ্টায় আরও বড় ধরনের সামরিক চমক আসার ইঙ্গিত দিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অস্থিরতা বিরাজ করছে। ভারত, রাশিয়া ও চীনসহ বিভিন্ন রাষ্ট্র শান্তিপ্রস্তাব দিলেও কোনো পক্ষই পিছু হটতে নারাজ। ফলে হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানো এখন আন্তর্জাতিক মহলের কাছে বড় চ্যালেঞ্জ।

