গ্রীষ্মের ছুটিতে ভ্রমণের সেরা ৭টি ঠিকানা: পাহাড় থেকে কফি বাগান, তালিকায় রয়েছে এই নামগুলো – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রকৃতির কোলে শান্তির খোঁজে যারা এপ্রিলের গরমে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য ভারতের বেশ কিছু স্থান আদর্শ হয়ে উঠতে পারে। হিমাচল প্রদেশের মানালি ও সোলাং ভ্যালি বরফে ঢাকা পাহাড় ও সবুজ উপত্যকার জন্য পর্যটকদের প্রথম পছন্দ। এছাড়া তিব্বতি সংস্কৃতির ছোঁয়া পেতে ম্যাকলিওডগঞ্জ এবং নির্জনতা প্রিয়দের জন্য তীর্থান উপত্যকা এক চমৎকার গন্তব্য হতে পারে।
দক্ষিণ ভারতের কর্ণাটকের কুর্গ, যা ‘ভারতের স্কটল্যান্ড’ নামে পরিচিত, তার কফি বাগান ও জলপ্রপাতের জন্য পর্যটকদের মুগ্ধ করে। পাশাপাশি ঐতিহাসিক স্থাপত্যের টানে হাম্পির প্রাচীন মন্দির ও পাথুরে সৌন্দর্য উপভোগ করতে পারেন ভ্রমণপিপাসুরা। মনোরম আবহাওয়া ও শান্ত পরিবেশের কারণে এই সময়টি এই অঞ্চলগুলো ভ্রমণের জন্য অত্যন্ত উপযোগী।
পাহাড়প্রেমীদের জন্য সিকিমের গ্যাংটক এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং বরাবরের মতোই আকর্ষণীয়। গ্যাংটক থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য এবং দার্জিলিংয়ের চা বাগানের স্নিগ্ধতা এপ্রিল মাসের ভ্রমণকে স্মরণীয় করে তোলে। ভিড় এড়িয়ে প্রকৃতির নির্মল ছোঁয়ায় ছুটি কাটাতে এই সাতটি পর্যটন কেন্দ্র বর্তমানে পর্যটন তালিকায় শীর্ষে রয়েছে।

