লেটেস্ট নিউজ

ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ৩ কোটি টাকা প্রতারণা, অশোকনগর থেকে যুবক গ্রেপ্তার – এবেলা

এবেলা ডেস্কঃ

কুরিয়ার সার্ভিসে মাদক থাকার ভয় দেখিয়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মাধ্যমে ৩ কোটি টাকা হাতানোর অভিযোগে উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে অর্পণ শিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। অভিযোগ, অভিযুক্ত যুবক তাঁর বান্ধবীর নথি ও ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করে এই জালিয়াতি চক্র চালাতেন। গত অক্টোবর মাসে এক দম্পতিকে মাদক পাচারের মিথ্যে অভিযোগে ভয় দেখিয়ে টানা ১৪ দিন ভিডিও কলে বন্দি রেখে ধাপে ধাপে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়।

তদন্তে জানা গেছে, প্রতারকরা ইডি ও সিবিআই আধিকারিক সেজে ওই দম্পতিকে মানসিক চাপে ফেলেছিল। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে দম্পতি লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। এর আগে ফেব্রুয়ারি মাসে উত্তর কলকাতায় তল্লাশি চালিয়ে পুলিশ সিম বক্স ও বেশ কিছু সিম কার্ড উদ্ধার করেছিল। সেই সূত্র ধরেই পুলিশ অর্পণের হদিস পায় এবং তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বর্তমানে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, ডিজিটাল অ্যারেস্টের মতো সাইবার অপরাধ রুখতে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে অচেনা নম্বর থেকে আসা ভিডিও কল বা আইনি হুমকির মুখে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *