বার্সেলোনা ছেড়েই কোচিং ক্যারিয়ারে ইতি টানবেন হান্সি ফ্লিক – এবেলা
এবেলা ডেস্কঃ
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের মুখোমুখি হওয়ার আগে ফুটবল বিশ্বে বোমা ফাটালেন বার্সা কোচ হান্সি ফ্লিক। ৬১ বছর বয়সী এই জার্মান মাস্টারমাইন্ড স্পষ্ট জানিয়েছেন, বার্সেলোনাই হতে চলেছে তার শেষ অ্যাসাইনমেন্ট। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার অধীনে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও এরপর আর কোনো নতুন ক্লাবের দায়িত্ব নেবেন না তিনি। ন্যু ক্যাম্পে দারুণ সময় কাটানো ফ্লিক সম্ভবত ফুটবলের অন্য কোনো ভূমিকায় নিজেকে মেলে ধরবেন।
বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে টানা জয় এবং রাফিনিয়াদের বিধ্বংসী ফর্ম ফ্লিকের বিদায়ী যাত্রাকে স্মরণীয় করে রাখার ইঙ্গিত দিচ্ছে। ২০১৫ সালের পর ইউরোপ সেরার মুকুট না জেতা বার্সার জন্য এবারের চ্যাম্পিয়ন্স লিগ পুনরুদ্ধার করাই এখন ফ্লিকের মূল লক্ষ্য। এই শিরোপা জয় দিয়েই তিনি তার বর্ণিল কোচিং ক্যারিয়ারের সার্থক সমাপ্তি টানতে চান।

