কামারহাটিতে ফের মদন মিত্র জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন ‘খেলা’ – এবেলা
এবেলা ডেস্কঃ
কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আবারও লড়াইয়ে নামছেন বিদায়ী বিধায়ক মদন মিত্র। প্রার্থী পদ ঘোষণার পরপরই কামারহাটি জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে এবং দেওয়ালে নিজের নাম লিখে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। ২০১১ ও ২০২১ সালের জয়ী এই নেতা এবারও নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। উন্নয়নকে হাতিয়ার করেই তিনি ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন।
তৃণমূল প্রার্থীর জন্য এবারের লড়াই বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির পাশাপাশি বামফ্রন্টের তরফে মানস মুখোপাধ্যায়কে প্রার্থী করায় কামারহাটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে এই মানস বাবুর কাছেই পরাজিত হয়েছিলেন মদন মিত্র। তবে গতবার বড় ব্যবধানে জয়ী হওয়ায় এবারও কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সিপিআইএম প্রার্থী মানস মুখোপাধ্যায়ও। ভোট লুটের বিরুদ্ধে তিনি ‘চোখে চোখ’ রেখে লড়াইয়ের হুঁশিয়ারি দিলে মদন মিত্র কটাক্ষ করে জানান, সাধারণ মানুষই এর যোগ্য জবাব দেবে। রাজনৈতিক মহলের নজর এখন কামারহাটির হাইভোল্টেজ লড়াইয়ের দিকে, যেখানে তৃণমূলের ‘ওহ লাভলি’ ইমেজের বিপরীতে বাম-বিজেপি জোট কতটা প্রভাব ফেলে সেটাই দেখার।

