স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী সংসদীয় কমিটিতে সরব ডেরেক-প্রিয়াঙ্কা, অস্বস্তিতে কেন্দ্র – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী সংসদীয় কমিটির বৈঠকে বকেয়া পাওনা এবং নিয়োগ দুর্নীতি ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সোমবারের এই বৈঠকে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ বিপর্যয় মোকাবিলা খাতের ৫৩,৬৯৬ কোটি টাকা দ্রুত মেটানোর দাবিতে সরব হন ডেরেক। কমিটির চেয়ারম্যানকে দেওয়া চার পাতার চিঠিতে তিনি অভিযোগ করেন, বিপুল অর্থ বকেয়া থাকায় রাজ্যের পুনর্গঠন ও ত্রাণ কাজ ব্যাহত হচ্ছে।
একই সুর শোনা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর কণ্ঠেও। তিনি আধাসামরিক বাহিনীসহ বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রথমে মৌখিকভাবে প্রতিবাদ জানালেও পরে অন্যান্য সদস্যদের সমর্থনে তিনি লিখিত অভিযোগ জমা দেন। বিরোধীদের এই যৌথ অবস্থানে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির ভেতরে কেন্দ্র কার্যত কোণঠাসা হয়ে পড়ে বলে বিশেষ সূত্রের খবর।
সাংসদ ডেরেক ও’ব্রায়েন চিঠিতে আরও উল্লেখ করেন, নির্ভয়া তহবিলের বরাদ্দকৃত ২০০ কোটি টাকা অব্যবহৃত পড়ে আছে এবং উত্তর-পূর্বাঞ্চলের বাজেটের বড় অংশ খরচ করা হয়নি। এছাড়া ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা এবং রাজ্য পুলিশের আধুনিকীকরণে বরাদ্দ কমানোর অভিযোগও আনেন তিনি। সীমান্তবর্তী এলাকার উন্নয়ন থমকে থাকা নিয়ে কেন্দ্রের উদাসীনতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধী শিবিরের এই দুই শীর্ষ নেতা।

