লেটেস্ট নিউজ

রাজ্যে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশে তৎপরতা, হাই কোর্টে উচ্চপর্যায়ের বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর আগামী শুক্রবারই অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। এই প্রক্রিয়া সম্পন্ন করার আগে রাজ্যের সামগ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডেকেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত এই বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত আসাম্পূর্ণ তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটার ‘বিবেচনাধীন’ হিসেবে ছিলেন। বর্তমানে ৭০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিক এই তালিকা নিষ্পত্তির কাজ করছেন এবং বুধবার পর্যন্ত প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার নামের ফয়সালা হয়েছে। কাজের গতি বৃদ্ধি পাওয়ায় আশা করা হচ্ছে যে, নির্বাচনের আগেই সমস্ত যোগ্য ভোটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগেই স্পষ্ট করেছেন যে, অবৈধ ভোটারদের বাদ দিয়ে কেবল বৈধ ও যোগ্য ব্যক্তিদের নাম তালিকায় তোলাই এই বিশেষ সংশোধনের মূল লক্ষ্য। শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা থাকলেও, বাকি বিবেচনাধীন ভোটারদের ভবিষ্যৎ নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। হাই কোর্টের এই বৈঠক মূলত তালিকা প্রকাশের আগে রাজ্যের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *