রাজ্যের দুই সচিবকে ভিনরাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব দিল নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আপত্তির তোয়াক্কা না করেই ফের রাজ্যের দুই শীর্ষ আমলাকে ভিনরাজ্যে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দিল কমিশন। বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ সচিব প্রিয়ঙ্কা শিঙ্গলা এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব পি. মোহনগান্ধীকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে অন্তরা আচার্য এবং পারভেজ আহমেদ সিদ্দিকিকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল, যদিও কাজের চাপের কারণ দেখিয়ে তাঁরা অব্যাহতি চেয়েছেন।
রাজ্যের সঙ্গে আলোচনা না করে একের পর এক আধিকারিক বদল ও বদলি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে তিনি এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর অভিযোগ, নির্বাচনের মুখে রাজ্য প্রশাসনকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে এই ‘চক্রান্ত’ করা হচ্ছে। মঙ্গলবার প্রার্থী ঘোষণার মঞ্চ থেকেও বিজেপি এবং কমিশনকে একযোগে আক্রমণ করে একে ‘বাংলার অস্মিতা রক্ষার লড়াই’ বলে অভিহিত করেন তিনি।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই পুলিশ ও প্রশাসনের শীর্ষস্তরে এই রদবদল করা হচ্ছে। ইতিপূর্বে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারসহ একাধিক জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের বদল করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ‘পত্রবোমা’র পরেও কমিশন নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় রাজ্য ও কমিশনের সংঘাত আরও তীব্র হলো।

