ইরানের ওপর সামরিক চাপ বাড়াতে হারমুজ প্রণালীতে অতিরিক্ত সেনা মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইরানের বিরুদ্ধে সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ওয়াশিংটন হারমুজ প্রণালীর কাছে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েনের প্রস্তাব খতিয়ে দেখছে। যুদ্ধ পরিস্থিতি তৃতীয় সপ্তাহে পদার্পণ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে সামরিক বিকল্পগুলো আরও বিস্তৃত করতেই এই কৌশলগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
পারস্য উপসাগরে স্থিতিশীলতা রক্ষা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হারমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করাই এই অভিযানের প্রাথমিক লক্ষ্য। এই অভিযানে মূলত বিমান ও নৌবাহিনীকে প্রাধান্য দেওয়া হলেও প্রয়োজনে ইরানের উপকূলরেখা বরাবর স্থলসেনা মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না মার্কিন প্রশাসন। উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে, তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আমেরিকা।
ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে এবার দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ আইল্যান্ড’ (Kharg Island) নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। উল্লেখ্য, ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাম্প প্রশাসনের এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ সফল হলে তেহরান বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়বে। বর্তমানে এই উচ্চাভিলাষী সামরিক পরিকল্পনাটি কার্যকর করার বিষয়ে মার্কিন প্রশাসনের অভ্যন্তরে গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে।

